জয়পুরহাটের ক্ষেতলালে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন নাশকতার মামলায় গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের শেষ বিদায়ে অংশ নেন তিনি। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি প্রহরায় তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাশেদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজার এলাকার ধনতলা গ্রামের মরহুম শামসুদ্দীনের ছেলে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গত ২২ আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে রাশেদুল ইসলামের মা রহিমা বিবি (৯৫) মঙ্গলবার সকালে মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে রাশেদুল ইসলামের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় তিনি প্রথমে নিজ বাড়িতে যান। সেখানে হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন। পরে একই অবস্থায় জানাজা ও দাফনে অংশ নেন।
প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেল সুপার উম্মে সালমা। তিনি বলেন, আসামির পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের অনুমতিক্রমে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়ে মায়ের জানাজায় নিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
ডিবিসি/এসএফএল