মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, সকাল ৬টার দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। ইঞ্জিন থেকে লিক হওয়া মবিল (তেল) থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে রেলওয়ে সূত্রে জানা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মাঝপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে উদ্ধার করে। কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রোমান আহমেদ সকাল ৯টার দিকে লাইন পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে এই রুটে অন্যান্য ট্রেনের শিডিউলেও কোনো সমস্যা নেই।
ডিবিসি/কেএলডি