জাতীয়

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর তিন দিনের এক সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। এই সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া তিনি কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে জানতে ওয়াশিংটন আগ্রহী হয়ে উঠেছে। মূলত সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বুঝতেই মার্কিন বিশেষ দূতের এই সফর।

 

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের কারণে সার্জিও গর ঢাকা-দিল্লি সম্পর্ক এবং বিশেষত ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনি হয়তো বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকারের কোনো বার্তাও পৌঁছে দিতে পারেন। পাশাপাশি গত কয়েক মাসে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততার বিষয়ে ওয়াশিংটন ঢাকার মনোভাব বুঝতে চাইছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর বর্তমান দায়িত্বের আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যকার বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন, যেখানে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চও বাংলাদেশ সফর করেছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন