দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে টানা বৃষ্টির কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত 'ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা' শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই বজ্রমেঘের প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
টানা এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। জনসাধারণকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিমাপ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে 'ভারী' এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে 'অতি ভারী' বর্ষণ হিসেবে ধরা হয়।
ডিবিসি/কেএলডি