তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি 'বায়কার' জানায় যে, গত ১৯শে নভেম্বর মঙ্গলবার তাদের তৈরি নতুন প্রজন্মের ক্যারিয়ার বেসড বায়রাক্তার টিবি-৩ কমব্যাট ড্রোন তুর্কি নৌবাহিনীর (ফ্ল্যাগশিপ) টিসিজি আনাদুলু লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সফলভাবে প্রথম বার শর্ট টেক অফ আ্যন্ড ল্যান্ডিং সম্পন্ন করে।
মূলত তুর্কি 'বায়কার' কোম্পানি পূর্বের বায়রাক্তার টিবি-২ কমব্যাট ড্রোনের উপর ভিত্তি করে আরও আধুনিক প্রযুক্তি এবং অটোনোমাস শর্ট টেকঅফ এন্ড ল্যান্ডিং করার উপযোগী ক্যারিয়ার বেসড টিবি-৩ কমব্যাট (ইউসিসি) ড্রোন ডিজাইন ও তৈরি করেছে। নতুন সিরিজের এই কমব্যাট ড্রোনটি আকাশের অধিক উচ্চতায় ও দীর্ঘ সময় ব্যাপী উড্ডয়ন করতে সক্ষম। ক্যারিয়ারে বেশি সংখ্যক এরিয়াল সিস্টেম রাখা কিংবা সুবিধার স্বার্থে ল্যান্ডিং এর পর এর ডানা/উইংস ভাঁজ করে রাখা যায়। তাছাড়া এই ড্রোনের প্রথম সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করা হয় গত ২০২৩ সালের ২৭শে অক্টোবর।
আসলে তুর্কি বাইকার কোম্পানি চলতি ২০২৪ সালের ২রা মে, তাদের তৈরি এই কমব্যাট ড্রোনটিকে আকাশের ৩৩ হাজার ফিট উচ্চতায় সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। তাছাড়া গত ২০২৩ সালের ২০শে ডিসেম্বর এটি আকাশে ৫,৭০০ কিলোমিটার এরিয়া জুড়ে একটানা ৩২ ঘণ্টা উড্ডয়ন করে এক বিরল রেকর্ড সৃষ্টি করে। এটি গত ২৬শে মার্চ উচ্চ প্রযুক্তির (ASELFLIR-500) ইলেক্ট্রো-অপটিক্যাল রিকর্নিসেন্স, সার্ভেল্যান্স ও টার্গেটিং পড/সিস্টেম ইনস্টল করে পরীক্ষামূলক নজরদারি মিশন পরিচালনা করে।
গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে এই ড্রোনের ৬টি হার্ড পয়েন্টে মোট ২৮০ কেজি পর্যন্ত মিসাইল, লেজার গাইডেড এন্ড আন-গাইডেড স্মার্ট মিউনিশন বহন করে। মিসাইলের মধ্যে রকেটসানের তৈরি ৭০ এমএম মিসাইলের পাশাপাশি এমএএম-সি/ এমএ এম-এল এবং এমএ এম-সি প্রেসিডেন্স গাইডেড মিউনিশন সিস্টেম বহন করতে পারে। তাছাড়া লেজার গাইডেড রকেট এবং এয়ার টু সারফেস লঞ্চড ৮১ এমএম মর্টার মিউনিশন বহন করতে পারে এটি।
এই কমব্যাট (ইউসিএভি) ড্রোনটিকে একেবারে স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে টেকঅফ এন্ড ল্যান্ডিং করার উপযোগী করে তৈরি করেছে 'বায়কার'। বিশেষ করে তুরস্কের নৌবাহিনীর ২৭ হাজার ৪৩৬ টন ওজনের টিসিজি আনাদুলু একমাত্র (ফ্ল্যাগশিপ) ক্যারিয়ার জাহাজে অপারেট করার বিষয়টি মাথায় রেখে এটিকে তৈরি করা হয়।
শিক্ষক ও লেখক
সিংড়া, নাটোর, বাংলাদেশ।
ডিবিসি/ এইচএপি