তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্টালিয়া প্রদেশের উপকূলে কোস্টগার্ডের একটি জাহাজের সঙ্গে একটি অভিবাসী বহনকারী দ্রুতগামী ইনফ্ল্যাটেবল নৌকার সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোরে ফিনিকে ডিস্ট্রিক্ট সংলগ্ন সমুদ্রসীমায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তুর্কি কোস্টগার্ডের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে আন্টালিয়া উপকূলে সন্দেহভাজন একটি দ্রুতগামী নৌকা শনাক্ত করে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা। নৌকাটিকে থামার জন্য বারবার সতর্কবার্তা দেওয়া হলেও চালক তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে উচ্চগতির নৌকাটি কোস্টগার্ডের জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং ক্ষতিগ্রস্ত হয়।
কোস্টগার্ড আরও জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ছয়জন অভিবাসী এবং একজন তুর্কি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকেই ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নৌকায় থাকা আরও ১৫ জন অভিবাসী দুর্ঘটনার পর কোনোমতে নৌকা নিয়ে উপকূলে পৌঁছাতে সক্ষম হলেও পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর হাতে তারা ধরা পড়েন।
বর্তমানে নিখোঁজ আর কেউ আছে কি না, তা নিশ্চিতে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/এএমটি