আন্তর্জাতিক

তুরস্কে স্কুলে প্রাক্তন ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আহত ১৬, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত তরুণ নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

স্থানীয় সময় আজ সকাল সাড়ে ৯ টার মিনিটে সিভরেক জেলার আহমেদ কোয়ুঞ্চু ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে। ১৭-১৮ বছর বয়সী ওই হামলাকারী একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে স্কুল চত্বরে প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।


আঞ্চলিক গভর্নর হাসান সিলদাক জানান, আহতদের মধ্যে ১০ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ১ জন ক্যাফেটেরিয়া কর্মী এবং ১ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


হামলার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী আইএইচএ নিউজকে বলেন, "সে হঠাৎ সদর দরজা দিয়ে ঢুকে একটি লম্বা শটগান বের করে ডানে-বামে গুলি করতে শুরু করে। এরপর সে স্কুলের ভেতরে দৌঁড়ে যায়। শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।"


আহত শিক্ষার্থী ওমর ফুরকান সায়ার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি-কে বলেন, "সে আমাদের ক্লাসরুমে ঢুকে কোনো কথা না বলেই সরাসরি গুলি শুরু করে। আমরা জীবন বাঁচাতে মেঝেতে শুয়ে পড়ি এবং পরে দুজন জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসি।"


গভর্নর হাসান সিলদাক জানান, হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং তার আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। স্কুলটিকে সাধারণ নিরাপত্তার দিক থেকে নিরাপদ বলেই বিবেচনা করা হতো। হামলার পরপরই স্কুলটি খালি করে দেওয়া হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।


ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।


সূত্র: বিবিসি নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন