তুরস্কের ইস্তাম্বুল উপকূলে মারমারা সাগরে একটি রাসায়নিক ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর পণ্যবাহী জাহাজ তুগবের্ক ইমামোগলু ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১০ নাবিক নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই তুরস্কের নাগরিক।
বুধবার (২ সেপ্টম্বর) ভোরে ইস্তাম্বুলের সিলিভরি উপকূলে পণ্যবাহী জাহাজটির সঙ্গে আলসু নামের একটি রাসায়নিক ট্যাংকারের সংঘর্ষ হয়। তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু জানান, সংঘর্ষের পর মাত্র ১১ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।
নিখোঁজ নাবিকদের সন্ধানে দুটি হেলিকপ্টার ও ১২টি উদ্ধারকারী জাহাজ অভিযান চালাচ্ছে। জাহাজটির একটি লাইফবোটসহ জীবনরক্ষাকারী সরঞ্জাম পানিতে ভাসতে পাওয়া গেলেও তাতে কাউকে পাওয়া যায়নি।
৯০ মিটার দীর্ঘ জাহাজটি ইস্কেন্দেরুন থেকে কৃষ্ণসাগরের এরেগলি বন্দরে যাচ্ছিল। এতে প্রায় ৪ হাজার ২০০ টন রোলড স্টিল ছিল। কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি প্রায় ৯০০ মিটার গভীরে ডুবে গেছে।
সূত্র: ডয়চে ভেলে
ডিবিসি/এসএফএল