ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত পদযাত্রা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২০ জুলাই) পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও দলটির হাজার হাজার সমর্থকরা এই বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছিলেন।
কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজে ভর্তির জাতীয় প্রবেশিকা পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই 'চলো সংসদ' পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। মূলত তরুণদের সমন্বয়ে গঠিত এই বিশাল জনতা যন্তর-মন্তর বিক্ষোভস্থলে জড়ো হয়েছিল।
বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এই সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু অংশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আপনাদের যদি কোনো জায়গায় আটকে দেওয়া হয়, তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার মাধ্যমেই এই লড়াইয়ে জয়ী হবো।
এর আগে রোববারই পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়, পূর্বানুমতি সাপেক্ষে যন্তর মন্তরের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির প্রতিবাদ মিছিল, সমাবেশ বা বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ।
একইসঙ্গে, আইন মেনে চলতে এবং অননুমোদিত জমায়েতে অংশ না নিয়ে জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানায় পুলিশ।
ডিবিসি/এসএস