জাতীয়

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে জ্বালানি তেল বিপণন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রধান তেলের ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করতে না পারায় দেশের বিভিন্ন ডিপোতে এক ধরনের অস্থিতিশীল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।

যেহেতু দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) বা অতি গুরুত্বপূর্ণ স্থাপনার অন্তর্ভুক্ত, তাই জরুরি ভিত্তিতে এগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ডিপোগুলোতে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অন্যান্য যেসব স্থানে সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো। মূলত এই স্থাপনাগুলোতে যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতেই প্রশাসন এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন