বাংলাদেশ, রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটের মাঠ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। এরই মধ্যে সারা দেশে বইছে উৎসবমুখর পরিবেশ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে।

প্রার্থীরা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এই প্রচারণায় উৎসবের আমেজের পাশাপাশি পালটাপালটি অভিযোগের ঘটনাও ঘটছে। বিশেষ করে রাজধানীতে বিএনপি, ১১ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর অলিগলি ও রাজপথ। সকালে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে এই প্রচারণা।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের এক জনসভায় সতর্ক করে বলেছেন, এবার নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবার বিপদে পড়বে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সন্ত্রাস ও মাদক নির্মূলকে প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে ঢাকা-১৯ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

এদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস 'বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র' স্লোগানে ৩৫ দফার ইশতেহার ঘোষণা করেছে। ঢাকার বাইরে গোপালগঞ্জ-২ এবং বাগেরহাট-২ আসনেও প্রচারণায় সরব বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন। বাগেরহাট-২ আসনের জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন