সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনটি মূলত ৩০ মার্চ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মুলতবি করা ছিল। ওই ১২ তারিখেই সংসদে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
সংসদীয় রীতি অনুযায়ী, যেকোনো সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা শেষে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণের নিয়ম রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা এই ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি এবং বিরোধী—উভয় দলের সংসদ সদস্যরাই অংশ নেবেন। এছাড়াও অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে, সংসদের চলমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
ডিবিসি/এফএইচআর