জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা ১১টায় সংসদীয় রীতি অনুযায়ী এই অধিবেশনে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির এই ভাষণটি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এবং পরবর্তীতে সংসদ সদস্যরা এর ওপর বিস্তারিত আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদীয় অধিবেশন।

ত্রয়োদশ সংসদে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করবেন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। অধিবেশন শুরুর পরপরই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণের জন্য অধিবেশন ১৫ থেকে ২০ মিনিট মুলতবি থাকার পর নবনির্বাচিত স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

 

প্রথম বৈঠকেই নতুন স্পিকারের নেতৃত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠন করা হবে, যারা উদ্বোধনী অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যসূচি নির্ধারণ করবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোও এই অধিবেশনে গঠন করা হতে পারে। এছাড়া প্রথম বৈঠকেই একটি শোক প্রস্তাব গৃহীত হবে। আইন প্রণয়নের ক্ষেত্রে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) অন্যতম প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদকালে জারি বা সংশোধন করা ১৩০টি অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে সংসদে উপস্থাপন করা।

 

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, সদ্য সমাপ্ত এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে (বিএনপি একাই ২০৯টি) এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৬টি আসনে (জামায়াতে ইসলামী একাই ৬৮টি) জয়লাভ করে বর্তমান সংসদ গঠন করেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন