ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থার সফল প্রয়োগ এবং এতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা শুরু থেকেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট চালুর বিষয়ে অনড় ছিলেন। তার এই দৃঢ় অবস্থানের কারণেই এবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সরকার মনে করে, প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক মাইলফলক।
প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদ আশা প্রকাশ করেছে যে, এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও জোরদার হবে। আগামী নির্বাচনগুলোতে প্রবাসীরা আরও বৃহৎ পরিসরে নিবন্ধন করবেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে বিদায়ী সরকার।
ডিবিসি/পিআরএএন