থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলজুড়ে ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও নাশকতামূলক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। লক্ষ্যবস্তু হিসেবে একটি স্থানীয় সরকারি কার্যালয় ভবন, একটি চেইন ডিপার্টমেন্টাল স্টোর এবং একটি চুরি হওয়া গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। এছাড়া পার্শ্ববর্তী ইয়ালা এবং পাত্তানি প্রদেশেও একই ধরনের নাশকতার তথ্য পাওয়া গেছে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নারী আহত হয়েছেন।
বেশ কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তা কর্মকর্তারা সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক বস্তু স্পর্শ না করার জন্য সতর্কবার্তা জারি করেন।
উদ্ভূত পরিস্থিতিতে নারাথিওয়াত প্রদেশে শনিবার রাতভর কারফিউ জারি করা হয়। তবে পরদিন সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে রবিবার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।
ডিবিসি/এসডব্লিউএন