থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর বাসে আগুন ধরে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে শহরের ব্যস্ততম আসোক-দিন দায়েং রোডের একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
ব্যাংককের পুলিশ প্রধান উরুমপর্ন কুনদেজসুমরিত জানান, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভস্মীভূত বাসটি থেকে মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেশটির উপ-পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ট্রাফিক সিগন্যালে লাল বাতি থাকায় বাসটি রেললাইনের ওপর আটকে পড়েছিল। ফলে রেলওয়ের ক্রসিং ব্যারিয়ার নামানো সম্ভব হয়নি এবং কন্টেইনারবাহী ভারী মালবাহী ট্রেনটিও সময়মতো থামতে ব্যর্থ হওয়ায় এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ট্রেনটির ধাক্কা লাগার মুহূর্তেই বাসটিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
ডিবিসি/আরএসএল