আন্তর্জাতিক

থাইল্যান্ডে নেমেই শপিংয়ে ব্যস্ত মার্কিন নাবিকরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া সৈকতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর প্রায় ৫ হাজার নাবিক। দীর্ঘ এই সমুদ্রযাত্রার পর শহরের বারগুলোতে যাওয়ার বদলে প্রথম কয়েক ঘণ্টা শপিং মলেই বেশি সময় কাটিয়েছেন তারা। হার্ড রক হোটেলের মতো সৈকত লাগোয়া স্থানগুলোতে নাবিকদের নিজেদের কেনা জিনিসপত্র হাতে নিয়ে ঘুরতে দেখা যায়। সামরিক ছাঁটের চুল ও নেভি টি-শার্ট পরা এই নাবিকরা পাতায়ার সাধারণ পর্যটকদের ভিড়ে সহজেই নজর কাড়ছিলেন।

রাতের বেলায় পাতায়ার বিখ্যাত ‘ওয়াকিং স্ট্রিট’-এ ভিড় জমান নাবিকরা, যেখানে একটি বিশাল আলোকিত সাইনবোর্ডের মাধ্যমে মার্কিন ক্রুদের স্বাগত জানানো হয়। তবে শহরের যৌনপল্লী হিসেবে পরিচিত ‘সোই ৬’-এর ছোট বারগুলোতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এতে দীর্ঘ নয় মাস সমুদ্রে থাকা এই নাবিকদের কাছ থেকে ভালো আয়ের আশায় থাকা সেখানকার কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। মধ্যরাতের দিকে কিছু অল্পবয়সী নাবিককে অতিরিক্ত মদ্যপ অবস্থায় দেখা যায় এবং অনেকেই গো-গো বারগুলোতে ভিড় করেন।


মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই নাবিকদের সমুদ্রযাত্রা বেশ ক্লান্তিকর ছিল। একজন বয়স্ক নাবিক জানান, টানা নয় মাস সমুদ্রে থাকার কারণে তিনি সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলেন এবং হাজার হাজার মানুষের সাথে জাহাজের জীবন তার কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। ২৫ বছর বয়সী নাবিক জাদা ফেয়ারফ্যাক্সের মা শাকিরা রয়টার্সকে জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরের সময়টা বেশ ভীতিকর ও অনিশ্চিত ছিল এবং মাঝে মাঝে নাবিকদের মনোবলও কমে গিয়েছিল।


দীর্ঘ এই সামরিক অভিযান বা জাহাজের ভেতরের পরিস্থিতি নিয়ে কথা বলার ক্ষেত্রে নাবিকদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। স্থলে তাদের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে ‘শোর লিয়াজোঁ গ্রুপ’ (এসএলজি) লেখা টি-শার্ট পরা কর্মীদের সর্বত্র নজরদারি করতে দেখা যায়। মার্কিন নৌবাহিনীর অ্যাটাশে ক্রিস্টোফার রবিনসন জানিয়েছেন, নাবিকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে তারা যেন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের আইনকানুন মেনে চলেন, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে ক্যালিফোর্নিয়া ফেরার পথে মিত্র দেশ থাইল্যান্ডে এই রুটিন যাত্রাবিরতি নাবিকদের যুদ্ধজাহাজের কঠিন জীবন থেকে কিছুটা স্বস্তি ও বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন