জেলার সংবাদ

থানার প্রধান ফটকে একদল হনুমানের অবস্থান

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৫:১২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হনুমানের একটি বাচ্চাকে মেরে আহত করায় দলবেধে থানায় হাজির হলো একদল হনুমান। এমন ঘটনা ঘটেছে যশোরের কেশবপুরে।

 বিরল প্রজাতির কালোমুখ হনুমান কেশবপুরের ঐতিহ্য; তারাই দলবেধে কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয়।

স্থানীয়রা জানান,  আজ রবিবার দুপুরে একদল হনুমান কেশবপুর থানায় ঢুকে পড়ে। তারা গেটের সামনে অবস্থান নেয়। এরপর তারা ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। তাদের উপস্থিতিতে থানা চত্বরসহ পুলিশ অফিসাররা হতচকিত হয়ে পড়ে।
 
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, 'থানায় হনুমানের উপস্থিতির কথা শুনে বাইরে এসে দেখি দুটি মেয়ে হনুমান দেয়ালের একপাশে আলাদা বসে আছে। তাদের একজনের কোলে একটি আহত শিশু হনুমান। বুঝতে পারি, বাচ্চাটিকে মারপিট করে আহত করা হয়েছে।' ২০ থেকে ২৫ টি হনুমান দলবদ্ধভাবে সেখানে ছিলো বলেও জানান তিনি। 

কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন সাংবাদিকদের জানান, শহর ও শহরতলীতে প্রায় ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় খুব কম। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে।

আরও পড়ুন