ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মেছরদিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় জুয়েল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই বাসের হেলপার ছিলেন। এই সড়ক দুর্ঘটনায় নারী ও পুরুষসহ বাসের আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মেছরদিয়া এলাকায় মাগুরাগামী ময়দা বোঝাই একটি মালবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ভয়াবহ এই সংঘর্ষে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের হেলপার জুয়েল গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এসে আহতদের উদ্ধার কাজ শুরু করে। গুরুতর অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত যুবক জুয়েল বাসটির হেলপার ছিলেন। দুর্ঘটনা কবলিত যান দুটিকে সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিবিসি/এমএনকে