বাংলাদেশ, জেলার সংবাদ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের তরুণ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের তরুণ সোহান (২২)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন তিনি।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের কেতলেহং এলাকায় এক মর্মান্তিক হামলায় তার মৃত্যু হয়। নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, অনেক ধার-দেনা করে পরিবারের ভবিষ্যৎ গড়ার আশায় সোহানকে বিদেশে পাঠানো হয়েছিল। সেখানে তিনি একটি ছোট মুদি দোকানে কাজ করতেন। ঘটনার দিন রাতে দোকানে হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। এই সুযোগে অন্ধকারে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হন।


একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মা সাহিনুর বেগমসহ পরিবারের সদস্যরা এখন দিশেহারা। সোহানের অকাল মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা দেলোয়ার হোসেন ও মামা মহরম আলী মিঠু সরকারের কাছে দ্রুততম সময়ে সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।


এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী জানান, বিষয়টি জানার পর তারা নিহতের পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক দিক থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন