দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ওই দেশের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তাঁর বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন এবং বর্তমানে তাঁর ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
পিয়াস অভিযোগ করেন, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে নোয়াখালীরই এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে তাঁর বাবার বিরোধ ও মনোমালিন্য দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে তাঁর বাবা দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিলেন।
মঙ্গলবার বিকেলে দোকানের সামনে ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডিবিসি/আরএসএল