দক্ষিণ কোরিয়ায় সামরিক প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস (AH-1S) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার কিছুক্ষণ পর দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের অনুশীলন করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী তাদের বহরে থাকা সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/টিবিএ