দক্ষিণ কোরিয়ার দেজন শহরে গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৪ জনের প্রাণ গেছে। আনজুন ইন্ডাস্ট্রিয়ালের ওই কারখানায় বিস্ফোরণ ও আগুনে আরো ৫৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। গত শুক্রবার বিকালে আগুন লাগার পর সেখানে পাঁচশর বেশি দমকলকর্মী, পুলিশ ও জরুরি কর্মী কাজ শুরু করেন।
দায়েদক জেলা ফায়ার সার্ভিসের প্রধান ন্যাম দেউক-উ বলেন, আগুনে একটি কারখানা ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার গভীর রাতে সেখানে অগ্নিনির্বাপক রোবট নামায় দমকল বাহিনী। তখন নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু হয়।
নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ পাওয়া যায় তৃতীয় তলার একটি ব্যায়ামাগারে। তিন জনকে দ্বিতীয় তলার একটি পানির ট্যাংকের কাছে পাওয়া যায়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্ধার অভিযান পরিচালনার সময় পোড়া কারখানা ভবনের ধস ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দমকল কর্মকর্তা ন্যাম বলেন, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা সেখানে বিস্ফোরণ হওয়ার কথা বলছেন, তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
কর্মীদের অনেকে আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন, আবার অনেকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকাল পর্যন্ত ২৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে ৪ জনের ভাঙা হাড় ও অন্যান্য আঘাতের জন্য অস্ত্রোপচার করা হয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/কেএলডি