দক্ষিণ কোরিয়ার দেজন শহরে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেস-এর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) রকেটের প্রোপেল্যান্ট (জ্বালানি) উৎপাদন লাইনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে জানান, বিস্ফোরণের পর কারখানার ভেতরে থাকা দুজন কর্মী কোনোমতে নিজেদের চেষ্টায় প্রাণ বাঁচিয়ে ভবন থেকে বের হতে সক্ষম হন। তবে তাদের মধ্যে একজন আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মরদেহগুলো মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ডিএনএ পরীক্ষা বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। তবে হানওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে ২০ বছর বয়সী দুজন খণ্ডকালীন (অস্থায়ী) কর্মী রয়েছেন এবং তারা সবাই ওই প্রতিষ্ঠানেরই কর্মচারী ছিলেন।
কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, রকেটের প্রোপেল্যান্ট তৈরির সরঞ্জামাদি থেকে বিস্ফোরক উপাদান পানি দিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও মূল কারণ খতিয়ে দেখতে এখনো তদন্ত চলছে।
জাতীয় নিরাপত্তা আইনের কারণে কারখানাটির ভেতরের সুনির্দিষ্ট মানচিত্র বা লেআউট সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
দুর্ঘটনার পর হানওয়া অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোন জে-ইল এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা নিহতদের প্রতি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারি তদন্ত সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে হানওয়া গ্রুপের শেয়ারের বড় পতন লক্ষ্য করা গেছে। দুপুরে হানওয়া অ্যারোস্পেসের শেয়ারের দাম ২.৮% এবং মূল হোল্ডিং কোম্পানি হানওয়া কর্পোরেশনের শেয়ারের দাম ৩.৪% নেমে যায়।
এদিকে ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এক জরুরি বার্তায় উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রের সব ধরনের লজিস্টিক ও সম্পদ নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল