লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত এবং অন্তত আরও নয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) এই ঘটনা ঘটেছে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত ওই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিডোর পোরাত (৩১)। তিনি আশদোদ শহরের বাসিন্দা এবং আইডিএফ-এর ৭৬৯তম ‘হীরাম’ আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, দক্ষিণ লেবাননে আইডিএফ নিয়ন্ত্রিত একটি এলাকায় ব্যাটালিয়নের অভিযান চলাকালে একটি ইঞ্জিনিয়ারিং যান হিজবুল্লাহর পুঁতে রাখা একটি বোমার ওপর উঠে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মূলত ভারী যন্ত্রপাতি পাহারা ও সুরক্ষিত রাখার কাজে ওই এলাকায় মোতায়েন থাকা অবস্থায় সৈন্যরা এই বিস্ফোরণের শিকার হন। এতে লিডোর পোরাত নিহত হওয়ার পাশাপাশি আহত নয়জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া বাকিদের মধ্যে চারজন মাঝারি এবং চারজন সামান্য আঘাত পেয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সৈন্যদের দ্রুত আকাশপথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এরই মধ্যে খবর দেওয়া হয়েছে। এদিকে, এই বিস্ফোরণের পরপরই ওই এলাকার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে আইডিএফ। পুরো ঘটনাটি নিয়ে সামরিক বাহিনী বর্তমানে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/পিআরএএনv