দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এ অভিযানের প্রেক্ষাপটে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ বাসিন্দা লিটানি নদীর দক্ষিণাংশে নিজেদের বাসস্থানে ফিরে যেতে পারবেন না।
ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা শুরু হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে এ তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সংঘাতে এখন পর্যন্ত ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি এ হামলায় ১০৭ জন শিশুসহ এ পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) কাটজ বলেন, ইসরায়েলের ওপর বিদ্যমান হুমকি দূর করতে এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার জন্যই লেবাননে আইডিএফ এ স্থল অভিযান শুরু করেছে। গাজায় চালানো ব্যাপক অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি যৌথভাবে আইডিএফকে লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোতে থাকা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি