কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে দেপোর্তিভো মাকারার বিপক্ষে পিছিয়ে পড়েও ২–১ গোলের দারুণ জয় পেয়েছে সান্তোস। দলের দুটি গোলেই সহায়তা করে জয়ের নায়ক হয়েছেন নেইমার জুনিয়র। তবে ম্যাচ শেষে গ্যালারির একাংশের নেতিবাচক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা।
শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচে সান্তোসের সূচনাটা ছিল হতাশাজনক। মাত্র পঞ্চম মিনিটে ফ্রাঙ্কো পসের গোলে এগিয়ে যায় মাকারা। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে স্বাগতিকেরা।
প্রথমার্ধের শেষ দিকে আসে সমতাসূচক গোল। ৪৪তম মিনিটে নেইমারের পাস থেকে বল জালে পাঠান গাব্রিয়েল বারবোসা। এরপর ৭৬তম মিনিটে নেইমারের নিখুঁত কর্নার থেকে গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন উইলিয়ান আরাও।
মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও ম্যাচ শেষে কিছু সমর্থকের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন নেইমার। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কঠিন সময়ে সমালোচনা না করে সমর্থকদের উচিত দলের পাশে দাঁড়ানো ও খেলোয়াড়দের উৎসাহ দেওয়া।
নেইমার বলেন, ‘মাঠের বাইরে আমি সেটিই বোঝানোর চেষ্টা করছিলাম। আমরা তখন ১–০ গোলে পিছিয়ে ছিলাম। আমি জানি, সমর্থকেরা অনেক বছর ধরে কষ্ট পাচ্ছেন। কিন্তু সেই হতাশা ও নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে এলে ঘরে বসে থাকাই ভালো।’
গ্যালারিতে থাকা এক সমর্থকের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, সমালোচনা না করে আমাদের সমর্থন করুন। তখনো খেলার ৬০ মিনিট বাকি ছিল। আমাদের উৎসাহ দিন। এরপর আমরা ম্যাচ ঘুরিয়ে দিলাম। পরে আমি পানি আনতে গেলে সেই সমর্থকই গ্যালারি থেকে হাত দিয়ে হৃদয়ের চিহ্ন দেখাচ্ছিলেন। দল জিতলেই শুধু ভালোবাসা দেখানো খুব সহজ।’
প্রথম লেগে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সান্তোস। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগ খেলতে ইকুয়েডরের আমবাতোতে যাবে ব্রাজিলিয়ান ক্লাবটি। সেখানে হার এড়াতে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের।
মহাদেশীয় প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ সময়ের আগে নেইমারের সাম্প্রতিক ফর্ম সান্তোসের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের সর্বশেষ ২৪ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ৮টি গোলে সহায়তা করেছেন তিনি। অর্থাৎ, এই সময়ে মোট ২১ গোলে সরাসরি অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা।
মাকারার বিপক্ষে সান্তোসের দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিবিসি/ আরএফই