বাংলাদেশ, জেলার সংবাদ

দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের একদম দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, এই ব্যবস্থার অধীনে স্বাস্থ্যকর্মীরা সরাসরি প্রতিটা ঘরে ঘরে গিয়ে সেবা দেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে।

এর মাধ্যমে দেশব্যাপী চিকিৎসাব্যবস্থাকে সকলের জন্য সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আজ শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তবে বর্তমান সরকার একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছে, যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করা হচ্ছে। বর্তমানে সরকারি সুবিধা পেতে কাউকে কোনো ঘুষ দিতে হয় না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ অনুযায়ী সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। 

 

লাইসেন্স বাতিলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। অথচ অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলছে।

 

চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হতে যাচ্ছে, যেখানে বিশেষ করে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

 

মনোহরদী উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভা ও অনুদান বিতরণ শেষে মন্ত্রী অনুষ্ঠানস্থলে গাছের চারা রোপণ ও সর্বসাধারণের মাঝে চারা বিতরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন