সুদানের মধ্যাঞ্চলীয় উত্তর করদোফান রাজ্যের একটি জনবহুল বাজারে ভয়াবহ ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সোদারি শহরের আল-সাফিয়া বাজারে এই হামলা চালানো হয়।
বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পর্যবেক্ষণকারী এই সংগঠনটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় বাজারে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি থাকায় মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোনের ব্যবহার সাধারণ মানুষের জীবনের প্রতি চরম অবহেলার প্রমাণ এবং এটি ওই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে জনপদে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সোদারি শহরটি মরুভূমির বাণিজ্যপথের সংযোগস্থলে অবস্থিত। এটি উত্তর করদোফানের রাজধানী এল ওবেইদের প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলটি সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান তিন বছরব্যাপী যুদ্ধের অন্যতম প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। মূলত দেশের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডরের নিয়ন্ত্রণ নিতেই দুই পক্ষ এই প্রাণঘাতী লড়াইয়ে লিপ্ত, যা রাজধানী খারতুমের সঙ্গে অন্যান্য প্রান্তের সংযোগ রক্ষা করে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/টিবিএ