খেলাধুলা, ফুটবল

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে ফ্রান্স। প্রথমার্ধে সেনেগালের গোছালো ফুটবলের সামনে কিছুটা কোণঠাসা থাকলেও, দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিসেরা দারুণভাবে ঘুরে দাঁড়ান। দলের এই দুর্দান্ত জয়ে জোড়া গোল করার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি তারকা এমবাপে। ফ্রান্সের হয়ে অপর গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা ব্র্যাডলি বারকোলা।

এই ম্যাচে জোড়া গোলের সুবাদে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৭ বছর বয়সী এমবাপে। মাত্র ৯১ ম্যাচেই তিনি ছাড়িয়ে গেছেন ১৩৭ ম্যাচে ৫৭ গোল করা অলিভার জিরুদকে। একই সঙ্গে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও বড় লাফ দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। নিজের তৃতীয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে (১৩ গোল) ছাড়িয়ে তার নামের পাশে এখন ১৫ ম্যাচে ১৪ গোল। বিশ্বকাপে গোলের দিক থেকে তার সামনে এখন কেবল জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬) ও ব্রাজিলের রোনালদো (১৫)। এছাড়া তিনি আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ১৪ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন।

 

ম্যাচের পরিসংখ্যান এবং প্রথমার্ধের চিত্র ছিল ফরাসিদের জন্য বেশ হতাশার। প্রথম ৫০ মিনিট পর্যন্ত ফ্রান্স লক্ষ্য বরাবর কোনো শটই নিতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে সেনেগালের ইসমাইল সার খুব কাছ থেকে গোল করার সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে এমবাপে, ওলিসে ও বারকোলারা আক্রমণের ঝড় তোলেন। পুরো ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রাখা ফ্রান্স মোট ১২টি শট নেয়, যার ৯টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সেনেগালের ৬ শটের মাত্র ২টি লক্ষ্যে ছিল, যেখান থেকে একমাত্র গোলটি করেন ইব্রাহিম এমবায়ে।

 

ম্যাচের ৫৯ মিনিটে ওলিসের পাস থেকে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন এমবাপে। এর ঠিক এক মিনিট আগেই ডি বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির আবেদন নাকচ করেছিলেন রেফারি। ৮০ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ওসুমানে দেম্বেলের বদলি হিসেবে মাঠে নেমেই আদ্রিয়ান র‍্যাবিয়টের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন বারকোলা। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ইব্রাহিম এমবায়ে গোল করে সেনেগালের ড্রয়ের আশা জাগালেও তা স্থায়ী হয়নি। ঠিক পরের মিনিটেই প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন