প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর সম্পদের হিসাব প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তুলে ধরেন। আজই তাঁর শেষ কর্মদিবস হতে পারে বলে উল্লেখ করে তিনি জানান, দায়িত্ব পালনকালে তাঁর সম্পদের পরিমাণে বড় কোনো পরিবর্তন আসেনি।
ফেসবুক পোস্টে শফিকুল আলম জানান, গত বছরের জানুয়ারিতে তিনি তাঁর সম্পদের পূর্ণ বিবরণ দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী, ঢাকার শাহীনবাগে তাঁর নিজস্ব একটি এবং দনিয়ায় পৈতৃক সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ময়মনসিংহে তাঁর ও তাঁর স্ত্রীর নামে একটি করে অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়ি মাগুরায় ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে। তিনি নিশ্চিত করেন, সরকারি দায়িত্ব পালন শেষেও এসব সম্পদে কোনো পরিবর্তন আসেনি।
ব্যাংক জমার বিষয়ে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাঁর একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে। দায়িত্ব নেওয়ার সময় সেখানে ১ কোটি ১৪ লাখ টাকা জমা ছিল, যার বড় অংশই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি থেকে পাওয়া গ্র্যাচুইটির টাকা। তিনি ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এএফপিতে কর্মরত ছিলেন।
বর্তমানে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ২৩ লাখ টাকা জমা রয়েছে, যা আগের তুলনায় ৯ লাখ টাকা বেশি। এই বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমার শ্যালক আমার কাছ থেকে নেওয়া সাড়ে ৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। এছাড়া রমজান মাসে গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য আমার বড় ভাই ২,৫০০ ডলার পাঠিয়েছেন।"
বিদায়বেলায় নিজের স্বচ্ছতা নিশ্চিত করে শফিকুল আলম বলেন, "আমার আর্থিক লেনদেন ও সার্বিক অবস্থার যেকোনো ধরনের তদন্ত বা যাচাই-বাছাইকে আমি স্বাগত জানাই।"
ডিবিসি/কেএলডি