দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের পর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কমপক্ষে আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ৩টার দিকে শহরের কালিতলা সড়কের বিভিন্ন স্থানে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। একই সময়ে ওই এলাকায় আরও কয়েকটি বাস ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
ডিবিসি/এমএনকে