জেলার সংবাদ

দিনাজপুরে ৬৫ বছরের বৃদ্ধের লালসার শিকার ১২ বছরের শিশু!

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু কন্যা প্রতিবেশী দাদুতুল্য ৬৫ বছরের এক বৃদ্ধের লালসার শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত নুরুল ইসলাম দয়াল ওই শিশুর মামার প্রতিবেশী। এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভিকটিম শিশুর মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ভিকটিম শিশুটি তার মামার বাসায় থাকত। অভিযুক্ত নুরুল ইসলাম সেখানে নিয়মিত যাতায়াত করার সুযোগে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে সে। পরবর্তীতে শিশুর শারীরিক পরিবর্তন দেখা দিলে এবং পরিবারের জেরার মুখে সে নুরুল ইসলামের অপকর্মের কথা প্রকাশ করে। সে জানায়, বিষয়টি কাউকে না জানাতে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছিল।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত নুরুল ইসলাম দয়াল ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে এবং মোহরানা বাবদ নগদ দেড় লাখ টাকা ও দুই শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়ে শিশুটিকে কথিত বিয়ে করে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা বা জমি না দিয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।

 

ভিকটিমের বাবা জানান, মেয়ের ভবিষ্যৎ এবং সামাজিকতার কথা চিন্তা করে শুরুতে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে এখন পরিবারসহ সকলেই অভিযুক্ত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এদিকে ভিকটিম শিশুটি জানায়, যেহেতু তার সাথে কথিত বিয়ে দেওয়া হয়েছে, তাই সন্তান জন্মের পর সে তা নুরুল ইসলামের কাছে দিয়ে দেবে, কিন্তু তাকে স্বামী হিসেবে কখনোই মেনে নেবে না।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন