আন্তর্জাতিক

দিনের আলোতেই ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬০০ হীরার তৈরিনেকলেস চুরি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে দিনের আলোতেই অত্যন্ত মূল্যবান একটি ঐতিহাসিক হীরার নেকলেস চুরি করে নিয়ে গেছে দুই দুর্বৃত্ত। প্লাটিনাম ও ৬ শতাধিক হীরায় খচিত নেকলেসটির আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি (প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা)। এই দুঃসাহসিক চুরির ঘটনার পর অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আন্তর্জাতিক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ভিয়েনা মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টস (এমএকে)-এ সংরক্ষিত একটি কাচের প্রদর্শনী কেস ভেঙে নেকলেসটি ছিনিয়ে নেয় দুই সন্দেহভাজন। তাদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। চুরির পরপরই দুর্বৃত্তরা জাদুঘরের ঠিক দক্ষিণে অবস্থিত ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়। নিরাপত্তা ক্যামেরায় (সিসিটিভি) তাদের মুখাবয়ব স্পষ্টভাবে ধরা পড়েছে। পুলিশ সেই ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছে।

 

চুরি যাওয়া ২০০ ক্যারেটেরও বেশি ওজনের এই ঐতিহাসিক নেকলেসটি মিসরের সাবেক রাজপরিবারের জন্য তৈরি করেছিল বিখ্যাত ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ‘ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস’। ১৯৩৯ সালে ইরানের তৎকালীন ভাবী শাহ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে নিজের মেয়ের বিয়েতে নেকলেসটি পরিধান করেছিলেন মিসরের রানি নাজলি। প্রতিষ্ঠানটি এই অনন্য সৃষ্টিকে শ্বেত অলংকারের এক 'বিজয়গাঁথা' হিসেবে অভিহিত করে থাকে।

 

জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, প্রদর্শনীটির জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীরা শান্ত থেকে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করায় কেউ হতাহত হননি। চুরি যাওয়া নেকলেসটি ছাড়াই শুক্রবার প্রদর্শনীটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে স্নিফার ডগ ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চলে জোর তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

ইউরোপের বিভিন্ন জাদুঘরে সাম্প্রতিক সময়ে একের পর এক শিল্পকর্ম ও মূল্যবান সম্পদ চুরির ঘটনা সংস্কৃতিপ্রেমীদের মাঝে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। একই দিনে স্পেনের একটি জাদুঘর থেকেও প্রাগৈতিহাসিক অলংকার চুরির খবর পাওয়া গেছে। ইউরোপোল জানিয়েছে, জাদুঘরগুলো লক্ষ্য করে পরিচালিত অপরাধগুলো ক্রমেই আরও আগ্রাসী ও সহিংস হয়ে উঠছে, যা নতুন কোনো আন্তর্জাতিক অপরাধী চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।
 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন