ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তীব্র আন্দোলনের পর সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। এদিন ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের মা-বাবারা এবং পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গাত্মক গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করা সিজেপি বর্তমানে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হয়েছে। এর আগে, তাদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সে সময় নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া সব আইনি ব্যবস্থা ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল সরকার। সরকারের সেই আশ্বাসের ভিত্তিতেই গত ২৫ জুলাই সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছিল সিজেপি।
তবে সিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাম্প্রতিক এক বৈঠকে অভিযোগ করা হয়েছে যে, সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন না করে সরকার কেবল কালক্ষেপণ করছে এবং কৌশলগত অজুহাত দেখাচ্ছে। সংগঠনটির দাবি, সুপ্রিম কোর্ট মামলা প্রত্যাহারের সুবিধার্থে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তালিকা চাইলেও সরকার তা সরবরাহ করেনি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের এখনো কোনো লিখিত আশ্বাস দেওয়া হয়নি।
সরকারের এই টালবাহানার প্রতিবাদেই নতুন করে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও যুব সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। উল্লেখ্য, আগের আন্দোলনে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের লাঠিচার্জ ও ব্যাপক সংঘর্ষে বহু শিক্ষার্থী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার ক্ষোভ থেকে আগামী ৫ সেপ্টেম্বরের এই পদযাত্রাকে কেন্দ্র করে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন