আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি সহিংস রূপ নিলে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১৮ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এছাড়া, পুলিশের সাথে সংঘর্ষের জেরে প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

দিল্লি পুলিশের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সিজেপির এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা পুলিশের বারবার সতর্কবার্তা অমান্য করে উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও হিংসাত্মক আচরণ প্রদর্শন করে। বলবৎ থাকা নিষেধাজ্ঞা ভেঙে তারা পাথর ও অন্যান্য বস্তু দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই সহিংসতায় ১৫ থেকে ২০টি সরকারি যানবাহন ভাঙচুরসহ ব্যাপক সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, যা জনশৃঙ্খলা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল।

 

পুলিশ আরও জানিয়েছে, হামলায় আহত পুলিশ সদস্যদের মধ্যে স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা (এমএলসি) চলমান রয়েছে।

 

সহিংসতার এই ঘটনায় আটককৃত ৭০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং অন্যান্য অপরাধের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ও অন্যান্য প্রযোজ্য আইনের প্রাসঙ্গিক ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেআইনি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট করে জানিয়েছে দিল্লি পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন