আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছেন মোদি, মন্ত্রীদের হাজির থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫০ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় দিল্লিতে এক জরুরি কাউন্সিল অব মিনিস্টার্স (কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ) বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেবা তীর্থে আয়োজিত এই বৈঠকে যোগ দিতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত বিদেশ সফর থেকে ফেরার পরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বড় ধরনের পর্যালোচনার সম্ভাবনা রয়েছে।


সূত্রে জানা যায়, এই বৈঠকে চলমান পশ্চিম এশিয়া সংকট এবং ভারতের অর্থনীতিতে তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সরবরাহ চেইনে বিঘ্ন এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলোর ওপর সরকার গভীর নজর রাখছে।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রী গোষ্ঠী ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই গ্রুপে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী রয়েছেন। সম্প্রতি রাজনাথ সিংহ আশ্বস্ত করে জানিয়েছেন, অপরিশোধিত তেল, জ্বালানি বা এলপিজি-যাই হোক না কেন, আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে। আপাতত কোনো বড় সমস্যা নেই।


আগামী ১০ জুন নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি। তার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় সম্প্রসারণ ও রদবদলের জল্পনা তীব্র হয়েছে।


সরকারি সূত্রের ইঙ্গিত, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই পরিবর্তন আসতে পারে। এই রদবদলের অংশ হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ের পারফরম্যান্স এবং সাংগঠনিক কাজকর্মের পর্যালোচনা শুরু করেছে সরকারের শীর্ষ নেতৃত্ব। ফলে আজকের এই বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


সূত্র: ইন্ডিয়া টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন