আন্তর্জাতিক

দিল্লিতে নরেন্দ্র মোদির কাছে ঢাকার বার্তা পৌঁছে দিলেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার দেওয়া বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার ভারতের পার্লামেন্ট ভবনে নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করে তিনি এই বার্তা পৌঁছে দেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় ধারাবাহিক বৈঠকের পর হাইকমিশনার দিল্লিতে যান। মোদির সঙ্গে তাঁর আলোচনায় দুই দেশের সম্পর্কের পথে থাকা কয়েকটি সংবেদনশীল বিষয়ও উঠে এসেছে। ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ককে ‘গঠনমূলক ও জনগণকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গিতে বিকশিত করতে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন। ঢাকায় ফিরে মোদির দিকনির্দেশনা অনুযায়ী তিনি সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা বাংলাদেশকে জানাবেন।

 

এর আগে ঢাকায় সরকারি সূত্রগুলো জানায়, সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার তাঁকে সপরিবার দিল্লি সফরের জন্য ভারত সরকারের আগ্রহের কথা জানান। ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্রিফিংয়ে জানান, সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় ‘সহায়ক পরিবেশ’ সৃষ্টির ওপর বাংলাদেশ গুরুত্ব দিয়েছে। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখাটা যে বিশেষভাবে প্রয়োজন, সেটি ভারতের প্রধানমন্ত্রী তাঁকে সব সময় বলেছেন।

 

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের চেয়ারপারসন হিসেবেও তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমানের এই সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে।

 

সাম্প্রতিক এসব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরের দাবিটি নতুন করে তোলা হয়েছে। এ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়টিও আইনগত হওয়ায় তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্তের কাজ অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন