ভারতে দক্ষিণ পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ধসে পড়া একটি বহুতল ভবনের ভেতর বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ( দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভবনটি পেয়িং গেস্ট বা মেস হিসেবে ব্যবহৃত হতো।
ধসে পড়ার সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ছুটির দিন হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই সে সময় ভেতরে অবস্থান করছিলেন। আকস্মিক এই ধসের পর ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ধ্বস্তূপের নিচ থেকে লোকজনের কান্নার আওয়াজ ও সাহায্য চাওয়ার আকুতি শোনা গেছে বলে জানিয়েছেন এক শিক্ষার্থী। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে বর্তমানে জোরেশোরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশাল কংক্রিটের স্ল্যাবের নিচে মানুষ চাপা পড়ে রয়েছে এবং স্থানীয় ও উদ্ধারকর্মীরা তা সরানোর চেষ্টা করছেন।
উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে অন্তত ১২টি ফায়ার টেন্ডার ও ডিজাস্টার রেসপন্স টিম পাঠানো হয়েছে। এছাড়া কংক্রিটের বড় স্ল্যাব ও লোহার গার্ডার সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন