আন্তর্জাতিক, ভারত

দিল্লির প্রেসক্লাবে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সামনে রেখে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যে এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানেই বৃহস্পতিবার এ পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা এ কর্মসূচির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে একটি হল ভাড়া নিয়েছিলেন। পরে সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

 

বিষয়টি নজরে আসার পর প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

 

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া আরও জানায়, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। হলটি শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। শর্ত ভঙ্গের বিষয়টি জানার পরপরই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

 

সূত্র: দ্য অবজার্ভার পোস্ট

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন