আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভে বসল এআই ক্যামেরা, শনাক্ত করবে বিক্ষোভকারীদের মুখ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র-জনতার বিক্ষোভস্থলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত 'ফেসিয়াল রিকগনিশন সিস্টেম' বা মুখমণ্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করেছে দিল্লি পুলিশ।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সেখানে কাকরোচ জনতা পার্টিসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যাতে সহিংসতা ছড়াতে না পারে, সে লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের জন্য রাখা প্রধান ফটক এবং বাহির হওয়ার পথগুলোতে হাই-রেজোলিউশনের এফআরএস ক্যামেরা বসানো হয়েছে। এই সিস্টেমটি সরাসরি দিল্লি পুলিশের কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে যুক্ত। দায়িত্বরত কর্মকর্তারা সার্বক্ষণিক 'রিয়েল-টাইম' নজরদারির মাধ্যমে ভিড়ের মধ্য থেকে সুনির্দিষ্ট কোনো অপরাধীর চেহারা চিহ্নিত করতে সক্ষম হচ্ছেন।

 

এদিকে অভিযোগ উঠেছিল যে পুলিশের এই নজরদারি আন্দোলনকারীদের বিভ্রান্ত করা বা ভয় দেখানোর জন্য। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানান, এই প্রযুক্তির লক্ষ্য সাধারণ ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের চিহ্নিত করা নয়। পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা ফেরারি আসামিরা যাতে বিশাল এই জমায়েতকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, কেবল তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

 

নিট পরীক্ষা বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ এখন তুঙ্গে। সে কারণেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন প্রযুক্তিগত কৌশল অবলম্বন করেছে।

 

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন