দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের এই আগ্রাসী আচরণের একদিন পর এক ভিডিও বার্তায় তিনি দিল্লি পুলিশকে সরাসরি ‘গুন্ডা’ বলে আখ্যায়িত করেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ অভিনেতা ভিডিও বার্তায় দেশের নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন, ‘যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।’
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে, যাদের মুখে মুখোশ ও হাতে লাঠি থাকে। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।’
আন্দোলনরত তরুণ প্রজন্মের পাশে থাকার বার্তা দিয়ে প্রবীণ এই অভিনেতা আরও বলেন, ‘আমি তরুণ-তরুণীদের বলতে চাই, তোমরা সাহস হারিও না। অনেক মানুষ তোমাদের পাশে রয়েছে। তোমরা লড়াই চালিয়ে যাও। আমাদের দেশের তরুণ প্রজন্মের ওপর আমার সব সময়ই আস্থা ছিল, এখন সেই আস্থা আরও দৃঢ় হয়েছে। তোমরা তোমাদের ন্যায্য লড়াই চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গেই আছি।’
ডিবিসি/এএইচডি