দিল্লি বিমানবন্দরের ঘটনা

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবন বাঢ়েকে তলব করা হয়।

এর আগে এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিষয়ের ওপর সরকার কড়া নজর রাখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। এদিকে ঘটনার বিস্তারিত জানতে ভারতের সংশ্লিষ্ট উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত বিবরণ জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সম্পূর্ণ তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিল্লিতে আজ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তার এই সফরের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।


তবে গত রবিবার (১৪ জুন) সন্ধ্যায় ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর রহস্যজনক কারণে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও দীর্ঘক্ষণ কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।


অগ্রিম কূটনৈতিক বার্তা দেওয়ার পরও বিমানবন্দরে এমন আচরণকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখেন তথ্য উপদেষ্টা। তিনি তাৎক্ষণিকভাবে নিজের পাসপোর্ট ফেরত চান এবং ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।


পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। বিমানবন্দরে দীর্ঘক্ষণ অনাকাঙ্ক্ষিত ও হয়রানিমূলক আচরণের শিকার হয়ে আজ সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ উর রহমান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন