বাংলাদেশ, জাতীয়

দীর্ঘ ৩৮ দিন পর স্কুল-কলেজ খুলছে আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে মার্চ ২০২৬ ০৯:২৫:৩১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ৩৮ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ রবিবার (২৯ মার্চ) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ কয়েকটি পর্যায়ের ছুটি শেষে আজ থেকে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ২৬ মার্চ দীর্ঘ এই ছুটির মেয়াদ শেষ হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দীর্ঘ ছুটির কারণে বছরের প্রথম তিন মাসে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে এখন থেকে পুরোদমে ক্লাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী রোজার ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশ ও পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্তে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

 

এদিকে শিখন ঘাটতি মোকাবিলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পরবর্তী ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান চলবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন