কৃত্রিম পা ছাড়াই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন দুই পা হারানো রুশ নাগরিক রুস্তাম নাবিয়েভ। মানব ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি কোনো কৃত্রিম অঙ্গের সাহায্য ছাড়াই এই অসাধ্য সাধন করলেন।
এভারেস্ট বেসক্যাম্পের ফিল্ড অফিস সমন্বয়ক খিম লাল গৌতম আনাদোলু এজেন্সিকে তার এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুস্তাম সফলভাবে এভারেস্ট জয় করেছেন এবং বর্তমানে বেসক্যাম্পের দিকে নিচে নেমে আসছেন।
সাবেক এই রুশ প্যারাট্রুপার ২০১৫ সালে ঘুমের মধ্যে একটি সামরিক ব্যারাক ধসে পড়ার ঘটনায় তার দুই পা হারান। ওই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছিলেন। তবে শারীরিক এই প্রতিবন্ধকতার কাছে হার মানেননি রুস্তাম। দুই পা হারানো ব্যক্তিরাও যে আউটডোর কার্যক্রম ও পর্বতারোহণে সমানভাবে সক্ষম, তা প্রমাণ করতে দুর্ঘটনার পর তিনি রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন।
সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০২১ সালে নেপালে এসে রুস্তাম বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু (৮,১৬৩ মিটার বা ২৬,৭৮১ ফুট) জয় করেন। এরই ধারাবাহিকতায় এ বছর তিনি এভারেস্ট জয়ের লক্ষ্যে পুনরায় নেপালে আসেন এবং সফলভাবে চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।
এর আগে তিন বছর আগে সাবেক গোর্খা সেনাসদস্য হরি বুধামগর প্রথম ব্যক্তি হিসেবে কৃত্রিম পা ব্যবহার করে এভারেস্ট জয় করেছিলেন। পরবর্তীতে তিনি বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলোও জয় করার কৃতিত্ব অর্জন করেন।
এদিকে, গত বুধবার একদিনেই রেকর্ড ২৭০ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। চলতি বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে ৪৯০ জনেরও বেশি পর্বতারোহী এভারেস্ট অভিযানের অনুমতি পেয়েছেন এবং চূড়ায় ওঠার এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
ডিবিসি/এফএইচআর