আন্তর্জাতিক, খেলাধুলা, অন্যান্য খেলা

স্নুকার খেলায় দুই বছরের শিশুর জোড়া রেকর্ড !

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই বছর বয়সী শিশুরা সাধারণত খেলনা আর কার্টুন দেখেই সময় কাটায়। কখনো বড়দের সঙ্গে চলে খুনসুটি। কিন্তু ইংল্যান্ডের ম্যানচেস্টারের শিশু জুড ওউনস ঠিক তেমনটি নয়। তার হাতে চকোলেট বা ফিডারের বদলে স্নুকার খেলার কিউ (লাঠি) তুলে নিয়ে রীতিমতো বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে এই শিশু।

গত বুধবার (২৮ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দুটি ‘ট্রিক শট’ দেওয়ার বিশ্ব রেকর্ড এখন জুডের দখলে। জুডের বাবা লুক ওউনস ছেলের জন্য একটি ছোট পুল টেবিল কিনেছিলেন। 

 

তিনি লক্ষ্য করেন, কিউ হাতে নেওয়ার পর থেকেই জুড অত্যন্ত সাবলীলভাবে শট খেলছে। উচ্চতায় টেবিল পর্যন্ত না পৌঁছাতে পারায় শুরুতে বার স্টুল এবং পরে রান্নাঘরের বিশেষ টুলের ওপর দাঁড়িয়ে সে এই নিখুঁত সব শট রপ্ত করেছে। এভাবে মাত্র দুই বছর বয়সেই দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে স্নুকার বিশ্বে এখন বিস্ময়ের নাম এই খুদে তারকার।

 

জুড তার প্রথম রেকর্ডটি গড়েছিল ২০২৫ সালের ৩১ আগস্ট। সেদিন সে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্নুকারে ‘ডাবল পট’ অর্থাৎ একই শটে দুটি বল পকেটস্থ করার কৃতিত্ব দেখায়। এর আগে ঠিক ৪১ দিন পর, ১২ অক্টোবর পুল টেবিলে ‘ব্যাংক শট’ দেওয়ার মাধ্যমে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেয় সে।

 

জুডের বাবা লুক দীর্ঘ ১০ বছর ধরে স্নুকার খেলছেন। তবে তিনি অকপটে স্বীকার করেছেন, জুডের সহজাত প্রতিভা তাঁর চেয়েও অনেক বেশি। ছেলের খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। 

 

 এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে জুডকে গিনেস পরিবারে স্বাগত জানিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডেও। স্নুকার এবং পুল খেলার কঠিন সব কৌশল অনায়াসেই রপ্ত করে ফেলা এই খুদে তারকাকে নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন