হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু এবং সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মারা যাওয়া তিন শিশু হলো- ইশিতা কাহের, সুস্মিতা ও লাবিবা, যাদের সবার বয়স এক বছরের কম। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৯২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৪০টি শিশুর মধ্যে ৪ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী ছিলেন এবং বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
ডিবিসি/আরএসএল