খেলাধুলা, ফুটবল

দুই ব্যক্তির ওপর ক্ষুব্ধ আলভারেজ!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে তৈরি হওয়া দলবদল নাটকের অবসান ঘটেছে বলে ক্লাব কর্তৃপক্ষ মনে করলেও, খেলোয়াড় নিজে এ বিষয়ে হাল ছাড়তে রাজি নন। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে আলভারেজের এজেন্ট ফার্নান্দো হিদালগোর দেওয়া এক কড়া বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, এই বিতর্ক এখনো চলমান। ক্লাব কর্তৃপক্ষের অনড় অবস্থানের বিপরীতে আলভারেজের একমাত্র লক্ষ্য এখন মেট্রোপলিটানো ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, পুরো ঘটনায় আলভারেজ মানসিকভাবে গভীরভাবে আহত। আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন এবং কোচ দিয়েগো সিমিওনের আচরণের কারণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত মার্চেই তিনি ক্লাব ছাড়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন। তখন গিল মারিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে তাকে দলবদলের অনুমতি দেওয়া হবে। গত জুনে রিয়াল মাদ্রিদ থেকে ঠিক এমনই একটি প্রস্তাব আসার পর (যাতে আলভারেজের সম্মতি ছিল), গিল মারিন তাকে বিশ্বকাপ চলাকালীন নিজে থেকে ক্লাব ছাড়ার ঘোষণা সংবাদমাধ্যমে দিতে বলেন।

 

তবে এরপরই ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তে আকস্মিক পরিবর্তন আসে। আতলেতিকোর শীর্ষ নেতৃত্বের হঠাৎ এমন অনড় অবস্থান আলভারেজ মেনে নিতে পারছেন না। সম্প্রতি গিল মারিন আলভারেজ বা তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানান এবং গত বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই দলবদলের অনুমতি দেওয়া হবে না। তবুও, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগপর্যন্ত কোনো উগ্র পদক্ষেপ ছাড়াই ক্লাব ছাড়ার চেষ্টা চালিয়ে যাবেন এই ফরোয়ার্ড। সে কারণেই ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে তাকে স্কোয়াডে রাখছেন কোচ।

 

আলভারেজ স্বাভাবিকভাবে অনুশীলন চালিয়ে গেলেও তার হাবভাব এবং কোচ সিমিওনের সঙ্গে দৃশ্যমান দূরত্ব ক্লাবে তার অসন্তোষ প্রকাশ করছে। গতকাল এক সংবাদ সম্মেলনে সিমিওনে জানান, অন্যের অনুভূতি বোঝা কঠিন হলেও আলভারেজ দলের প্রতি সম্মান রেখে ভালোভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দর্শক ও সমর্থকদের উত্তেজনা কমানোর ইঙ্গিত দিয়ে তিনি যেকোনো আক্রমণ বা গালিগালাজের নিন্দা জানান এবং দলে কোনো অনিশ্চয়তা নেই বলে দাবি করেন।

 

অন্যদিকে, গিল মারিন পরোক্ষভাবে দাবি করেছিলেন যে আলভারেজের পাশে ভালো কোনো পরামর্শদাতা নেই। এর কড়া জবাবে এজেন্ট ফার্নান্দো হিদালগো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কোনো মিথ্যাবাদীকে কখনোই জিজ্ঞেস করবেন না কেন সে মিথ্যা বলেছে। কারণ নিজের ব্যাখ্যা দিতে গিয়ে তাকে আবারও নতুন করে মিথ্যা বলতে হবে।’

এই জটিল পরিস্থিতিতে বার্সেলোনা এখনো আলভারেজকে পাওয়ার আশা ছাড়েনি। স্পোর্টিং ডিরেক্টর ডেকো বিকল্প হিসেবে ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস বা ক্লাব ব্রুগের ত্রেসোলদির কথা ভাবলেও তাদের মূল লক্ষ্য আলভারেজ। আগামী কয়েক দিনের মধ্যে বার্সেলোনা বড় পদক্ষেপ নিতে পারে এবং ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত।

 

বার্সেলোনায় যাওয়া সম্ভব না হলে বিকল্প হিসেবে আর্সেনালের দরজাও খোলা রাখছেন আলভারেজ। যুক্তরাজ্যে ভিসা ও প্রশাসনিক জটিলতার কারণে পরিবার নিয়ে থাকা কঠিন হবে ভেবে ইংলিশ ফুটবলে ফিরতে তার অনীহা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আর্সেনালকে বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মিকেল আর্তেতা এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ক্রমাগত আলভারেজের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন