যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর এটি।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে পল কাপুরকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, আজ পল কাপুরের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল বুধবার থেকে তিনি বেশ ব্যস্ত সময় পার করবেন। সূচি অনুযায়ী বুধবার সকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক। তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। একই দিনে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ।
সংশ্লিষ্টদের ধারণা, এই সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সফর শেষে বৃহস্পতিবার রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ডিবিসি/এসএফএল