দুবাই এয়ারশো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান হ্যাল (HAL) তেজস। শুক্রবার দুপুরে দর্শকদের সামনে কসরত দেখানোর সময় বিমানটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই পাইলট নিহত হন। তেজস যুদ্ধবিমানের ইতিহাসে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত হলো।
দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারশোর শেষ দিনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর ২টার সময় আকাশে মহড়া চলার সময় বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল এবং আচমকাই আগুনের গোলা হয়ে দ্রুত নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুর্ঘটনাস্থল। ঘটনার আকস্মিকতায় এয়ারশো প্রাঙ্গণে সাইরেন বেজে ওঠে এবং উপস্থিত প্রায় দেড় লক্ষ দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় বায়ুসেনার (IAF) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, পাইলট গুরুতর জখম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বায়ুসেনা কর্তৃপক্ষ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং ঠিক কী যান্ত্রিক ত্রুটি বা কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
দুবাই সরকারের মিডিয়া অফিস এই ঘটনাকে অত্যন্ত ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরানোর পর প্রায় দুই ঘণ্টা বাদে পুনরায় এয়ারশো শুরু হয়।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/আরএসএল